Monday, November 19, 2012

চির গোপন


চির গোপন

তাহমিনা খান



ছায়ার সাথে ছায়ার দেখা
গোপন মিলন হয় !
মায়ার সাথে মায়ায় মিশে
মনের কথা কয় !
জাগল গায়ে চাঁদের জোয়ার
কণ্ঠে কাঁদে ভয় !
সেই তো ছিল তোমার আমার
প্রথম পরিচয় !

দেহের সাথে দেহের দেখা
এই জনমের নয় !
দূর হতে তাই দূরের পানেই
মন যে পড়ে রয় !
কেউ কি জানে কার সাথে কার
কোন সে কথা হয় !
তারার সাথে ফুলের কথা
মালার সাথে গলায় !

সাগর জলে চাঁদের লেখা
কে বুঝেছে কবে !
জলই জানে কি লেখা রয়
তাই তো উঠে ফুলে !
তেমনি করে তোমায় আমায়
কোন সে কথা হয় !
কেউ বুঝে না তাই সে ভাষা
চির গোপন রয় !

দহন

দহন


আহমেদ মুনীর


পড়ন্ত বিকেলে বৃষ্টি ভেজা মাঠে

আর কতকাল শাস্তি দিবে
আমার কষ্টে কাঞ্চনজঙ্ঘার কী আসে যায়
বিগলিত কুজঝটিকার অশ্রু ঝরে
কলকল প্রদাহ সাঁতার কাটে নিয়তির স্রোতে ।।

মাঝে মধ্যে প্রায়শঃ মনে হয় আমিও মৃত
আমার অতি প্রিয় আপনজন পিতা মাতা মাতামহ
সবুজ বৃক্ষ ঘোলা নদী নীল সাগর মেঘমালা
কাঁচা রোদ পাহাড় পর্বত গুহা বারোঁয়া পাহাড়ী টিলা
হারিয়ে গেছে হারিয়ে যায়
অনন্তকালে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দেশে
তোমার জন্যই কী জন্ম আমার
তোমার জন্যই কী আমি মৃত্যুর দিকে যাচ্ছি হেঁটে ।।

আমারই শব্দ আমারই কবিতা আমার গান
প্রধ্বনিত হয় শঙ্কিত প্রহরে
ভালবাসার অর্ঘ্যে প্রজাপতিরা নাচে
থমকে দাঁড়িয়ে যাই আমি
ভাসি অশ্রুমেঘে একাকী বালুকা দ্বীপে
অনিবার্য মৃত্যুর দহন
বারবার কাঁদায় আমাকে ।।