একাকিত্বের পংতিমালা
অস্তিত্ব ও সময়
একা বসে আছি নীরবে;
দেখি মেঘে ঢাকা আকাশ, টিক টিক ঘড়ির কাটা চলে
সময় চলে যায়, নির্লিপ্ত শীতল ভাবে,
জানালার ফাঁক গলে।
আমার কি তাতে কিছু?
আমি বসে থাকি অসহায়;
চোখের সামনে ধ্বংসস্তুপের দিকে চেয়ে, অসাড় অনুভব।
কেন চার দেয়ালের ভেতর আটকে আমায়
তুমি চলে গেলে? সুখেরা সব
পালিয়েছে তোমার পিছু পিছু!
চলে গেছ তাই, আঁধারেই থাকি,
শরীর জুড়ে ঘুন পোকা ধরে, জ্বলে না কোন আলো।
তুমি নেই তাই সূর্যটা দিল ফাঁকি,
সবকিছুই হারালো।
তোমার কি কিছু আসে যায়?
চাঁদের দেখা নেই কতদিন-
কতদিন দেখিনা জোছনার খেলা, রাখিনা হিসেব তার।
তুমিহীনা অবসন্ন এ জীবন,
হিসেবের কি দরকার।
জীবন এগিয়ে চলে, মানুষ বদলায়।
তবু আজ জীবনের শব্দ শুনি
বুকে কান পেতে থেকে।
মৃতপ্রায় অনুভুতি সব, তবু বেঁচে আছি আমি!
ডায়েরীর ভেতরে লুকানো তোমার ছবিটা দেখে,
তবু নিজের আগোচরে দিন গুনি,
মনে মনে তোমায় জিজ্ঞেস করি, “তুমি কি আমার হবে?”
কান পেতে থাকি, উত্তর পাইনা কোন।
একা বসে থাকি নীরবে।
No comments:
Post a Comment